উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুরে জমি নিয়ে বিবাদের জেরে খুন তৃনমূলের বুথ সভাপতি

নিজেদের জমির সেচের কাজ করতে গিয়ে হামলাকারীদের হাতে খুন হলেন সাইদুল হক (৫০) নামে এক ব্যাক্তি। তিনি ওই গ্রামের তৃনমূলের বুথ সভাপতি ছিলেন। ঘটনায় তার ছেলে সহ তিনজন আহত হয়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে উত্তর দিনাজপুরের করনদীঘি থানার আলতাপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াশপুর গ্রামে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে বেঙ্গল টু বেঙ্গল রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।  

        গতকাল করনদীঘি থানার আলতাপুর গ্রামপঞ্চায়েতের খোয়াশপুর গ্রামের বাসিন্দা সাইদুল হক ও তার ছেলে নেসারুল ইসলাম সহ পরিবারের চারজন নিজেদের জমির সেচের কাজ করতে যায়। ওই জমি তাদের নয় এই বলে খোয়াশপুরেরই বাসিন্দা আইজুল রহমান ও সিরাজুল সহ পাঁচ- ছয় জনের একটি দল সাইদুল দের উপর লাঠি বাঁশ নিয়ে হামলা করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় সাইদুল সহ চারজনকেই রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে সাইদুল সহ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আজ মৃত্যু হয় সাইদুল হক (৫০) নামে ওই ব্যাক্তির। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বেঙ্গল টু বেঙ্গল রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় খোয়াশপুরের বাসিন্দারা। ঘটনার তদন্তে করনদীঘি থানার পুলিশ।